প্রধান শিক্ষিকার কলমে

দুই হাজার দশ সালের আঠারোই আগস্ট, অনেক স্বপ্ন নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করলাম। প্রায় উঠে যাওয়া একটা মাইনোরিটি গার্লস্ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুনর্জন্ম দিতে অদম্য গতিতে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে শুরু করলাম। শুরুতেই আমাকে সাথ দিতে শুরু করলেন, আমার অত্যন্ত প্রিয় আমার শিক্ষিকাগণ। মিড ডে মিল চালু ছিলো না, ঘড়ি ঘণ্টার হদিশ ছিলো না, পাবলিকের টিউব ওয়েল, ইলেকট্রিক পোস্ট মাদ্রাসার মধ্যেই ছিলো, আলাদা কোনো অফিস রুম, স্টাফ রুম ছিলো না, ছাত্রীদের জন্য নির্ধারিত পোশাক ছিলো না, সব থেকে বড়ো কথা কোনও বিশেষ শৌচাগার ছিলো না। আরও অনেক কিছুই ছিলো না। 

তবে এতোগুলো না থাকার মধ্যে ছিলো আমার ছাত্রীদের আদি অকৃত্রিম ভালোবাসা। আমার মাদ্রাসার সমস্ত অভিভাবক অভিভাবিকাদের, পরিচালন সমিতির সদস্য সদস্যাদের আন্তরিক সহযোগিতায় আমার কর্ম পরিকল্পনাকে স্বাচ্ছন্দে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। সর্বোপরি মাদ্রাসার অফিসিয়াল কাজকর্ম সংক্রান্ত বিষয়ে সমস্ত অফিসের শ্রদ্ধেয় আধিকারিক মহাশয় সহ সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব গণের আন্তরিক সহযোগিতায় আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে একটু করে সক্ষম হয়েছি। আমি অত্যন্ত বিনীতভাবে সকলের কাছে কৃতজ্ঞ। দুই হাজার ছাব্বিশের দোর গোড়ায় দাঁড়িয়ে আরও একবার শপথ নিলাম “আমরা করবো জয়”। আমরা যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে, আমার কন্যাসম ছাত্রীদের সার্বিক বিকাশের জন্য প্রযোজ্য সমস্ত রকমের পদক্ষেপ নিতে পিছপা হবো না।

 বিগত বছর গুলোতে যেমনভাবে আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়েছেন আমার একান্ত অনুরোধ আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন, আমরা সবাই একসাথে মিলেমিশে একটা শুধুমাত্র মাইনোরিটি, শুধুমাত্র গার্লস্ শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নতির চরম শিখরে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর হই। সর্বশেষে আমি মাদ্রাসার সাথে জড়িত সমস্ত শুভাকাঙ্ক্ষীদের, সমস্ত ছাত্রীদের, সমস্ত অভিভাবক অভিভাবিকাদের, পরিচালন সমিতির সমস্ত সদস্য সদস্যাদের, মিড ডে মিলের স্টাফদের, হোস্টেলের স্টাফদের, অস্থায়ী সহকর্মীদের কাছে কৃতজ্ঞ আছি থাকবো। প্রতিনিয়ত সুখে দুঃখে, ভালো মন্দে, হাসি কান্নায় যারা আমার পাশে থেকে আমাকে অত্যন্ত ভালোবেসে আগলে রেখেছেন, আমার টিচারদের কাছে আমি নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম।

 আর কৃতজ্ঞতা জানাই আমার মিড ডে মিলের স্টাফদের। যারা নিজেদের সবটুকু দিয়ে আমার ও সমস্ত টিচারদের জন্য, পরিচালন সমিতির সদস্যদের জন্য, আমার ছাত্রীদের জন্য, সর্বোপরি মাদ্রাসার সার্বিক মঙ্গলের জন্য অহরহ সহযোগিতার হাত বাড়িয়েছেন। পরিচালন সমিতির সম্পাদক মহাশয় সর্বক্ষণ আমার প্রতি অফিসিয়াল কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন। ওনার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করলাম। যে কথাটা না বললে আজ লেখা সম্পন্ন হবে না।সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা জয়েন করেন গোছানো সংসারে। আর আমার সব না পাওয়ার মধ্যেই অনেক কিছুই পাওয়ার আনন্দ, আমাকে সমৃদ্ধ করেছে। আজ আমি তৃপ্ত, আমি পূর্ণ, আমি উদ্ভাসিত। সকলের মঙ্গল হোক। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। 

শ্রদ্ধা, ভালোবাসা ও শুভ কামনাসহ 

সাধনা বর্মণ 

প্রধান শিক্ষিকা 

পাঁচলা গার্লস হাই মাদ্রাসা

আমার বার্তা

শিক্ষা কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি চরিত্র গঠন এবং মূল্যবোধের এক অবিরাম প্রক্রিয়া। আমাদের লক্ষ্য হলো এমন এক সুস্থ পরিবেশ তৈরি করা যা প্রতিটি ছাত্রী নিজেদের সম্ভাবনার পূর্ণ বিকাশে সক্ষম হয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।